
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ার কান্দাইল এলাকায় রিপা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল হোসেনকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কান্দাইল এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিপা আক্তারের গ্রামের বাড়ি যশোর জেলায় এবং আটক স্বামী রুবেল হোসেনের বাড়ি ফরিদপুরে বলে জানা গেছে। তারা স্বামী-স্ত্রী ২জনই আশুলিয়ার নিশ্চিন্তপুরে অনন্ত অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন ।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন মোল্লা জানান, বাড়ির মালিকের খবরের ভিত্তিতে ভাড়াটিয়া রুবেল ও রিপা দম্পতির কক্ষ থেকে রিপার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। প্রতিবেশী এক সহকর্মী রিপা আক্তারকে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। পরে স্থানীয়রা কৌশলে রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা- তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।