News71.com
 Bangladesh
 29 Jul 16, 08:03 PM
 377           
 0
 29 Jul 16, 08:03 PM

টলিউডে নির্মিত বাংলা সিনেমা 'কেলোর কীর্তি’ নিয়ে প্রতিবাদে মানববন্ধন

টলিউডে নির্মিত বাংলা সিনেমা 'কেলোর কীর্তি’ নিয়ে প্রতিবাদে মানববন্ধন

 

নিউজ ডেস্কঃ কলকাতার হাস্যরসাত্মক ছবি ‘কেলোর কীর্তি’ মুক্তির প্রেক্ষিতে ক্ষোভ বিরাজ করছে চলচ্চিত্র অঙ্গনে। শুক্রবার ছবিটি মুক্তির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি না দেখার আহবান করা হচ্ছে। ‘কেলোর কীর্তি’কে তারা ‘কালার কীর্তি’ বলে ব্যঙ্গও করছেন।

তরুণ চলচ্চিত্র পরিচালক বুলবুল বিশ্বাস ফেসবুকে ব্যঙ্গ করে লিখেছেন, ‘স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রির মুখ কালা করবি, অসম্ভব। কাল আমরা কেউ হলে না গিয়ে তোদের মুখে কালি মাখিয়ে দেবো। ওসব ‘কালার কীর্তি’ করা এখানে চলবে না।’

চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু ফেসবুকে লিখেছেন, ‘আচ্ছা কেলো মানে কি? যারা ‘কেলোর কীর্তি’ ঢাকায় চালাচ্ছেন তারা পত্রিকার মাধ্যমে জানিয়েছেন যে কেলো মানে বেড়াল। তাই? সিনেমাহলে কি সেটা দর্শকের কানে কানে বলবেন? কো প্রোডাকশনের ছবি মানতে পারি, তাই বলে ‘কেলোর কীর্তি’? ভারতের পশ্চিমবঙ্গের টাকায় তাদের মার্কেটের জন্য বানানো ছবি এদেশে মুক্তির অনুমতি দিয়ে দিলো আমাদের সুপ্রীম কোর্ট? আমি যতোদূর জানি আমদানি-রপ্তানী নীতিমালার অনেকগুলো শর্ত পূরণ না করার পরও ‘কেলোর কীর্তি’ ঢাকায় মুক্তি পাচ্ছে। কিন্তু কেন? যতোদূর বুঝি, সরকারের ওপরের মহলের হস্তক্ষেপ ছাড়া এভাবে ভারতীয় ছায়াছবি এখানে মুক্তি দেবার কথা নয়। কিন্তু তাতে বাংলাদেশে কার লাভ? কয়েকজন বুকিং এজেন্টের?’

কোনো প্রকার প্রচারণা ছাড়াই মুক্তি পেলো ‘কেলোর কীর্তি’ ছবিটি। আমদানিকারক আরাধনা এন্টারপ্রাইজের পক্ষে কার্তিক দে জানান, ‘৬০টি হলে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন