
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ শিক্ষক-শিক্ষার্থীদের দিকে খেয়াল রাখছে, না চাইতেই সব সমস্যার সমাধান হচ্ছে। আজ ঝালকাঠির নলছিটি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে আমির হোসেন আমু বলেন, এখন আর আন্দোলন, সংগ্রাম, হরতাল করার প্রয়োজন নেই। মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ করতে হবে। ছাত্র ঐক্য ছাড়া কোন সংগঠন করা যাবে না। স্বাধীনতাবিরোধী চক্রের কারসাজিতেই দেশে জঙ্গিবাদের উত্থান ও মাদকাসক্তের প্রসার ঘটেছে বলে উল্লেখ করে এর বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার হওয়াসহ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি ।
শিল্পমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ই আগস্টের কালোরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে যারা দীর্ঘ ২১টি বছর ক্ষমতায় ছিল প্রকৃত অর্থে তারা দেশের কোন উন্নয়ন করেনি। কারণ তাদের আবির্ভাবই ঘটেছিল একাত্তরের পরাজিত শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করা ।
বিএনপিকে ইঙ্গিত করে আমু বলেন, তারা সাম্প্রদায়িক রাজনীতি প্রবর্তন করেছিল এবং তারই ধারাবাহিকতায় আজকের এই জঙ্গিবাদ। তারা ধর্মের নামে ধর্মান্ধতা সৃষ্টি করে ধর্মপ্রাণ মানুষকে বিপথগামী করার চেষ্টা করেছে। এখন তাদের টার্গেট দেশের মেধাবী শিক্ষার্থীরা। আমাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করার জন্য তাদের মাদকাসক্ত করে জঙ্গিতে পরিণত করা হচ্ছে ।
তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতিতে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামিলীগসহ ১৪ দল এগিয়ে এসেছে। আলেম সমাজও সোচ্চার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এ ব্যাপারে ছাত্রসমাজকেও ভূমিকা রাখতে হবে। প্রতিটি ছাত্র-ছাত্রীকে মাদক থেকে দূরে থাকতে হবে। যারা মাদক সেবন করে তাদেরকে পরিত্যাগসহ ঘৃণা করতে হবে। প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দিতে হবে ।
নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একে এম নূরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মোঃ শাহ আলম, নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী এবং আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এ ছাড়াও নলছিটি ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় অনুষ্ঠান চলাকালে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সংবর্ধনা দেওয়া হয় ।