News71.com
 Bangladesh
 30 Jul 16, 12:46 PM
 495           
 0
 30 Jul 16, 12:46 PM

২শ বছরের পুরনো ইতিহাসখ্যাত ঢাকা কেন্দ্রীয় কারাগার ফাঁকা, সব বন্দি কেরাণীগঞ্জে ।।

২শ বছরের পুরনো ইতিহাসখ্যাত ঢাকা কেন্দ্রীয় কারাগার ফাঁকা, সব বন্দি কেরাণীগঞ্জে ।।

নিউজ ডেস্কঃ ২শ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাড়ে ৬ হাজার বন্দির সবাইকে নেওয়া হল নতুন চালু হওয়া কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর কারাগারে। গতকাল রাত ৯টা ৫০ মিনিটে সর্বশেষ ৬টি প্রিজন ভ্যানে ১৮৪জন কয়েদিকে কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়া হয় ।

এর মধ্য দিয়ে ঘটনাবহুল নাজিমউদ্দিন রোডের এই কারাগারের ইতি টানা হল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির জানান, সারা দিনে ৬ হাজার ৫১১ জন কারাবন্দিকে নতুন কারাগারে স্থানান্তর করা হল। ১৭৮৮ সালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে আসামি ও বন্দীদের সংশোধনের জন্য নির্মিত হয়েছিলো ঢাকা কেন্দ্রীয় কারাগার ।

তবে এ পুরাতন কারাগারের প্রতিটি পরতে পরতে মিশে আছে ঐতিহাসিক কতশত ঘটনা আর স্মৃতি। ঐতিহাসিক এসব ঘটনার সাক্ষি হিসেবে থেকে যাচ্ছে পুরান ঢাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার। পুরাতন কারাগার থেকে বন্দিদের স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়েছে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে নব নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ।

চলতি বছরের ১০ই এপ্রিল এ কারাগারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বন্দিদের স্থানান্তর করতে অনেকটাই ব্যস্ত হয়ে পরে কারা কর্তৃপক্ষ। পুরাতন কারাগারে ধারণ ক্ষমতার থেকে প্রায় ৩গুণ বেশি বন্দি রাখতে অনেকটা অসুবিধা হচ্ছিল। তাই আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড অনুসরণ করেই নির্মাণ করা হয় সাড়ে ৬ হাজার বন্দি ধারণক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের এ নতুন কারাগারটি ।

কারা অধিদপ্তরের একটি সূত্র জানায়, পুরনো এ কারাগারটির সিংহভাগ জমি নিয়ে তৈরি করা হবে কারা কল্যাণ ভবন। এ ভবনে থাকবে সুইমিংপুল, ব্যায়ামাগার, বহুতল পার্কিং, আধুনিক শপিং কমপ্লেক্স ও সিনেপ্লেক্স। ভবনের বাইরে থাকবে সবুজ উদ্যান। বাকি জমির একাংশ নিয়ে তৈরি হবে একটি আধুনিক কমিউনিটি সেন্টার। কারাগারের সঙ্গে থাকা প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে ।

অবশিষ্ট স্থানের একটি অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্মৃতি জাদুঘর এবং জাতীয় ৪ নেতার স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এই কারাগারের ৩টি কক্ষে বন্দি করে রাখা হয়েছিলো জাতীয় ৪ নেতাকে। সেখানেই তাদের হত্যা করা হয়। সেই সেলকে ঘিরেই মূলত ৪ নেতার জাদুঘরটি তৈরি করা হবে। এর পাশাপাশি একটি কারা স্মৃতি জাদুঘরও নির্মাণ করা হবে। সেখানে থাকবে কারাগারের সকল ইতিহাস। এদিকে, অবশিষ্ট জমিতে নির্মাণ করা হবে একটি কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন