
নিউজ ডেস্ক: আইন সংশোধন করে ব্যাংকের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি ১জন পর্যবেক্ষক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান। আজ রবিবার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য বলেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। তিনি বলেছেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।
এই সংবাদ সম্মেলনে বলা হয়েছে, জঙ্গিবিরোধী সচেতনতার অংশ হিসেবে আগামীকাল সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, জঙ্গিবাদের সমস্যা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে আরও বেশি। এটিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে।
তিনি আরও বলেন, সারা দেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৪টি শাখা ক্যাম্পাস (আউটার) ছিল। আর এর মধ্যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়েরই ২৯টি শাখা ক্যাম্পাস ছিল। এগুলো আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছিল। আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসও বন্ধ ঘোষণা করেছে।