
নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ২গ্রুপের সংঘর্ষে সাবেক মেয়র প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় জকিগঞ্জ সরকারি কলেজ ও পৌর শহরে উত্তেজনা বিরাজ করছে।
আজ রবিবার বেলা ১২টার দিকে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র পদপ্রার্থী ফারুক আহমদ এবং জকিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আবদুস সালাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই সংঘর্ষে উভয় পক্ষের আহতদের মধ্যে আছেন, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা আনোয়ার, রিপন, সাদেক, মাসুম, হোসেন ও নাহিদ।
জকিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আবদুস সালাম বলেন, কয়েক দিন আগে ফারুক গ্রুপের একজন নেতা ফেসবুকে জকিগঞ্জ সরকারি কলেজের একজন শিক্ষককে জামায়াত-শিবির অনুসারী বলে মন্তব্য করেন। আজ রবিবার দুপুরে ফারুক গ্রুপের নেতাকর্মীরা কলেজে গিয়ে ক্লাসরুম থেকে ওই শিক্ষককে বের করে দেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কলেজের ছাত্ররা ক্লাস থেকে বের হয়ে আসলে ফারুক গ্রুপের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এতে করে বেশ কয়েকজন আহত হন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র প্রার্থী ফারুক আহমদ বলেন, গুলশান ট্রাজেডির পর জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা জঙ্গি বিরোধী মিছিল করতে চেয়েছিল। কিন্তু কলেজের শিক্ষক এহসানুল হক কলেজে রাজনীতি নিষিদ্ধ এ অজুহাত দেখিয়ে তিনি মিছিল করতে দিচ্ছিলেন না। আজ কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মিছিল বের করে। তখন এই সময় যুবলীগ নেতা সালাম অনুসারীরা হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে করে তিনিসহ কয়েকজন আহত হন।
এই বিষয়ে জকিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে ৪-৫ জন আহত হয়েছেন। বর্তমানে কলেজে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।