News71.com
 Bangladesh
 01 Aug 16, 01:10 AM
 420           
 0
 01 Aug 16, 01:10 AM

সীমান্ত এলাকায় টহলে প্রথম ১৫ নারী বিজিবি সদস্য বেনাপোলে ।।

সীমান্ত এলাকায় টহলে প্রথম ১৫ নারী বিজিবি সদস্য বেনাপোলে ।।

নিউজ ডেস্কঃ সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশের পর এবার সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নারী সৈনিকের যাত্রা শুরু হয়েছে। আজ সকালে প্রথমবারের মতো বিজিবির ১৫ নারী সৈনিককে বেনাপোল সীমান্তে নিয়োগ দেয়া হয়েছে ।

গত ৫ই জুন প্রথম ব্যাচের ৯৭ জন নারী বিজিবির কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১৫ জনকে যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নে প্রেরণ করা হয়। এই ১৫ জনই বেনাপোল বিজিবির আইসিপি (চেকপোস্ট) ক্যাম্পে যোগ দেন ।

এদের মধ্যে চেকপোস্ট ক্যাম্পে ১৩ জন ও আমড়াখালি চেকপোস্ট ক্যাম্পে ২জন যোগদান করেন। আজ দুপুরে তাদেরকে কর্তব্য পালন করতে দেখা গেছে। বেনাপোল আইসিপি ক্যাম্প সূত্র জানায়, এসব নারী সদস্যরা রাতে কোনো ডিউটি করবে না। তারা বেনাপোলের আমড়াখালি এবং সীমান্তের নোম্যান্সল্যান্ডসহ বিভিন্ন পোস্টে কর্তব্য পালন করবে ।

বেনাপোল আইসিপি ক্যাম্পের হাবিলদার কামাল হোসেন জানান, 'সীমান্তে নারী বিজিবি সদস্যের প্রয়োজন রয়েছে। এ সীমান্ত দিয়ে অনেক নারী চোরাচালানী যাতায়াত করে। পুরুষ সদস্যরা তাদের তল্লাশি করতে পারে না ।

তিনি বলেন, 'অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশের মধ্যে প্রবেশ করে। সন্দেহ হওয়া সত্বেও তাদের তল্লাশি করা সম্ভব হয় না। নারী বিজিবি সদস্য যোগ হওয়ায় আর এ বাধা রইল না ।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন সীমান্তে নারী সৈনিক যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবিকে আধুনিকায়ন করতে পুরুষ সৈনিকদের পাশাপাশি নারী সৈনিক নিয়োগ দেয়া হয়েছে ।

বিজিবি সূত্রে জানা গেছে, নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগ দেয়া হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন