News71.com
 Bangladesh
 01 Aug 16, 07:44 PM
 497           
 0
 01 Aug 16, 07:44 PM

চট্রগ্রামে ১১ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ২ গাড়ি আটক

চট্রগ্রামে ১১ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ২ গাড়ি আটক

নিউজ ডেস্ক: শুল্ক ফাঁকির অভিযোগে চট্রগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার দুপুরে নগরীর আমিরবাগ আবাসিক এলাকা থেকে 'রেঞ্জ রোভার' ও অলংকার মোড়ের একটি পেট্রল পাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি 'পোরশে' গাড়ি উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলেছেন, বিলাসবহুল এই গাড়ি দুটি কারনেট সুবিধায় আনা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পরও শুল্ক না দেওয়ায় অভিযান চালিয়ে গাড়ি দুটি আটক করা হয়। গাড়ি দুটির কোন কাগজপত্র পাওয়া না যাওয়ায় এগুলো কখন ও কারা এনেছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি।

এই বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদীবাগ ও অলংকার মোড়ের একটি পেট্রল পাম্প থেকে ১১ কোটি টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে। নগরীর মেহেদীবাগ এলাকা থেকে রেঞ্জ রোভার গাড়িটি আটক করা হয়। যুক্তরাজ্যের তৈরি বিগত ২০০২ মডেলের গাড়িটির ইঞ্জিন ৪৬০০ সিসি ক্ষমতাসম্পন্ন। গাড়িটির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। আবার অন্যদিকে নগরীর অলংকার মোড়ের একটি পেট্রল পাম্প থেকে পোরশে গাড়িটি উদ্ধার করা হয়। জার্মানির তৈরি ২০০৪ মডেলের গাড়িটির ইঞ্জিন ৪৫০০ সিসি ক্ষমতাসম্পন্ন। গাড়িটির আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। আটকের সময় গাড়ির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি কেউ।' এই ঘটনায় মামলা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ, অন্যদেশের পাসপোর্টধারী কেউ বাংলাদেশে আসার সময় কারনেট সুবিধায় নিজের ব্যবহারের জন্য বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়িটি ফেরত না নিলে জরিমানাসহ শুল্ক পরিশোধ করতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন