
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
আজ বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব-সারডুবি ও টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, বাড়াই পাড়া গ্রামের তফসির উদ্দিনের ছেলে মানসিক ভারসাম্যহীন হাফিজুল ইসলাম (৩৫) ও পূর্ব-সারডুবি গ্রামের রবিউল ইসলামের ছেলে স্থানীয় মিলন বাজার আমেনা খাতুন বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র মুন্না (৫)।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে খেলার সময় শিশু মুন্না একটি গর্তের পানিতে পড়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মানসিক ভারসাম্যহীন হাফিজুলের মৃতদেহ বাড়ির পাশের একটি ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।