News71.com
 Bangladesh
 02 Aug 16, 04:19 PM
 363           
 0
 02 Aug 16, 04:19 PM

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, ৩ নেতা আটক

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ, ৩ নেতা আটক

নিউজ ডেস্ক: অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ডের প্রতিবাদে পূর্বঘোষিত দুদিনের কর্মসূচি দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আর এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর কাঁটাবন এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদলের ৩ জন নেতাকে আটক করে পুলিশ।

আটক ওই ৩ জন ছাত্রদল নেতারা হলেন, বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক অলিউর রহমান জনি এবং রোবাইয়াত শাহ নেওয়াজ।

এতে করে জানা গেছে, ভোরে কাঁটাবন এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল জসিম উদ্দিন হল শাখা ছাত্রদল। তখন এই সময় পুলিশ সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে। পরে কাঁটাবনসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঁটাবন এলাকা থেকে তিন ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। তবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন