
নিউজ ডেস্কঃ কুমিল্লায় বিদ্যুৎ লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। এদের মধ্যে ১জনকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে ।
আজ সন্ধ্যা ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জামাল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাড়িয়ারা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের এক ঠিকাদারের তত্ত্বাবধানে আড়াইওড়া এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে তার পরিবর্তনের কাজ করছিলেন কিছু শ্রমিক। রাতে বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে হঠাৎ করে ওই লাইনে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এতে ওই লাইনে কর্মরত শ্রমিক জামাল, শরীফ, মাছুদ, ইমতাজ উদ্দিন, ইউসুফসহ ৬জন গুরুতর আহত হন ।
তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে জানার জন্য ওই বিদ্যুৎ লাইনের ঠিকাদার শাহীদ ও মোরশেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি ।