
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ই আগস্ট সারাদেশের সকল সরকারি হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ঐ সময় রোগীরা রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট সকাল ৭টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
তাছাড়াও সকল জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে সেদিন জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শোক দিবসের দিন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করবে।