
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. খালিদ সাইফুল্লাহ হত্যা মামলার ৬ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ৬জনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ।
৬ আসামি হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা রূপম চন্দ্র দেবনাথ (২৩), সজন বরণ বিশ্বাস (২১), রেজাউল ইসলাম মাজেদ (২৩), জাহিদুল ইসলাম ওরফে জুয়েল (২৭), আবু বকর সিদ্দিক (২৬) ও সুদীপ্ত নাথ (২৪)। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, আজ সকালে কুমিল্লার ৯ নম্বর আমলি আদালতের বিচারক নাজমুন নাহার সুমির আদালতে আসামিদের হাজির করা হয় ।
হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের নাম–ঠিকানা সংগ্রহ এবং ঘটনার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য আসামিদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিগগিরই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।
এদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তদন্ত কমিটির সদস্যরা এবং দুপুরে গোয়েন্দা পুলিশের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। তাঁরা খালিদকে যেখানে হত্যা করা হয়েছে, সেই স্থান পরিদর্শন করেন ।
উল্লেখ্য, গত রবিবার রাতে শোকের মাস আগস্ট উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বালন শেষে ছাত্রলীগের ২ পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর মাথার বাঁ পাশে গুলি লাগে। পরদিন সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে সোমবার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৬ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ।