News71.com
 Bangladesh
 04 Aug 16, 02:12 PM
 466           
 0
 04 Aug 16, 02:12 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ে এপিএ চুক্তি আজ ।।

প্রধানমন্ত্রী কার্যালয়ে এপিএ চুক্তি আজ ।।

 

নিউজ ডেস্কঃ সরকারের ৪৮টি মন্ত্রণালয়/বিভাগের ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হবে আজ সকালে রাজধানীর প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন ।

এর আগে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানান সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সংস্কার) মো. মহউদ্দিন থানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদসচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবের মধ্যে স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা ।

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে বর্তমান সরকার। সরকারের নীতি ও কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং সরকারি কার্যক্রমে দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২০১৪-১৫ অর্থবছর থেকে মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়ে আসছে ।

২০১৫-১৬ অর্থবছর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে মন্ত্রণালয়/বিভাগের এপিএ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি মন্ত্রণালয়/বিভাগের অধীনস্ত দপ্তর বা সংস্থাগুলোর কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থবছর শেষ হওয়ার পর এই অর্থবছরের চুক্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের প্রকৃত অর্জন মূল্যায়ন করা হয় ।

২০১৬-১৭ অর্থবছরে মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তর/সংস্থা ছাড়াও বিভাগীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের দপ্তরগুলোকে এপিএ চুক্তির আওতায় আনা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে ৪৮টি মন্ত্রণালয়/বিভাগ রূপকল্প-২০২১, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন পরিকল্পনা, অন্যান্য কর্মসূচি এবং সুশাসন নিশ্চিত করতে বর্তমান সরকারের পদক্ষেপগুলো অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে ।

২০১৬-১৭ অর্থবছরের এপিএ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য এপিএ চুক্তিতে বর্ণিত সব কাজের অগ্রগতি বস্তুনিষ্ঠভাবে পরিবীক্ষণ এবং মূল্যায়নের ব্যবস্থা রেখে এ বছর ৩টি পৃথক নীতিমালা জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয়/বিভাগগুলোর ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন