
নিউজ ডেস্কঃ ৬দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামের স্কুল ও কলেজ পড়ুয়া ২ ছাত্রী। নিখোঁজের ঘটনায় আজ দুপুরে উজিরপুর মডেল থানায় পৃথক ২টি সাধারন ডায়েরি করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের রহিম পাইকের কন্যা কলেজ ছাত্রী রেখা আক্তার (১৯) ও তার চাচাত বোন একই বাড়ির জালাল পাইকের স্কুল পড়ুয়া কন্যা মুক্তা খানম (১৭) গত ৩০শে জুলাই বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। রেখা উপজেলার সীমান্তবর্তী আগৈলঝাড়ার বাগধা স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইএসসি পরীক্ষা দিয়েছে। গত শনিবার সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেখা নিখোঁজ হয় ।
একই শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী মুক্তা ওইদিন সকালে বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় জিডি করার বিষয়টির সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে ।