
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাজেট বৃদ্ধি করেছি। এত বিশাল আকারে বাজেট বাংলাদেশে আর কেউ দেয়নি ।
আমাদের কষ্টার্জিত অর্থ কোনোভাবেই যেন অপব্যবহার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি ।
শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় আসার পর দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। কত সালের মধ্যে কী-কী করবো। তা ঠিক করি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, গ্যাস ও অবকাঠামো উন্নয়নের দিকে আমরা গুরুত্ব দিই। ২০০৮ সালের নির্বাচনে আমাদের রূপকল্প ঘোষণা করি। সেখানে কিছু স্বল্পমেয়াদি, কিছু মধ্যমেয়াদি ও কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প ছিল। জনগণে চাহিদা কী, সেটা কীভাবে পূরণ করবো? সে বিষয়ে আমরা কাজ করি- যোগ করেন প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী বলেন, কারও কাছে ক্ষমতা হচ্ছে ভোগের বস্তু, আর কারও কাছে ক্ষমতা হচ্ছে কর্তব্য পালন করা। আমাদের হচ্ছে কর্তব্য পালন করা, জাতির প্রতি কর্তব্য পালন করা, দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করা। তিনি বলেন, একসময় প্রচলিত ছিল- সরকারি মাল, দরিয়ায় ঢাল। এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নয়নের সঙ্গে মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমরা যা করছি, সেটার অংশীদার সবাই। মানুষকে আগামী দিনের স্বপ্ন দেখতে হবে। সব সময় স্বপ্ন জাগ্রত রাখতে হবে, হাহাকার নয় ।
দেশের মানুষকে নিজ-নিজ কাজে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামিলীগের এই সভাপতি বলেন, আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ণ করে বাস্তবায়ন শুরু করেছি। যদি আপনারা অতিরিক্ত শ্রমটা দিতে পারেন। তবে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো ।