
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ'র গুলিতে আলম হোসেন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন ।
আজ ভোররাতে ভারতের ৪-৫শ' গজ ভিতরে বিএসএফ'র গুলিতে তিনি নিহত হন। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নয়ঘোড়িপাড়া গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে। মৃতদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভিতরে নিয়ে এসেছে ।
ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০-১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু ব্যবসায়ীরা ওপারের বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ তাদের বাধা দেয় ।
এ সময় বিএসএফ'র উপর গরু ব্যবসায়ীরা হামলা চালালে বিএসএফ গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে আলম নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবি'র পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে ।