
নিউজ ডেস্কঃ বাগেরহাট শহরের সড়ক ও জনপদ অফিসের সামনে শরীফ ম্যানশনে গতকাল বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে ১৯৫ পিস ইয়াবাসহ ৫ জন যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট মডেল থানায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাতাবুর রহমান বাদী হয়ে পাঁচ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলেন, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রুবেল ফকির (২৮), পূর্ব বাসাবাটি এলাকার এস এম তানভির ফয়সাল শোভন (২৫), রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের শামীম হাসান পলক (২৭), মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামের শেখ শুকুর (৩৮) ও একই উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের আল আমিন মোল্লা (২৭)।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ দেবনাথ বলেন, বৃহষ্পতিবার রাতে বাগেরহাট শহরের মনিকা সিনেমা হলের পাশে শরীফ ম্যানসনের চারতলায় মাদক কেনাবেচা হচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় তারা পাঁচ যুবককে ১৯৫ পিস ইয়াবাসহ হাতে নাতে ধরে ফেলেন। এই পাঁচ যুবক মিলে প্রায় ছয় মাস আগে শরীফ ম্যানশনের চারতলার একটি ফ্লাট ভাড়া নেয়।
এখান থেকে তারা জেলার বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশ সুপার দাবি করেন। এরা পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাতাবুর রহমান বাদী হয়ে পাঁচ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। তাদের আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।