
নিউজ ডেস্কঃ ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জঙ্গি, সন্ত্রাসকারী ও গুপ্ত হত্যাকারীদের রেহাই দেবেন না । জঙ্গি ও সন্ত্রাসীদের উস্কানিদাতাদের একইভাবে খুঁজে বের করা হচ্ছে উল্লেখ করে তিনি জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। আজ ঈশ্বরদী উপজেলা উদ্যান নার্সারীতে ৫ থেকে ৭ই আগস্ট পর্যন্ত ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ভূমিমন্ত্রী এ কথা বলেন।
জঙ্গিবাদ রুখতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে ভূমিমন্ত্রী শরীফ বলেন, জাল বিছিয়ে জঙ্গিবাদ, খুনি, চাঁদাবাজ, চোর ও ডাকত দলের লোকদের ধরা হচ্ছে। তিনি আরো বলেন, গুণ্ডামি, ষণ্ডামি, পেশী শক্তি আওয়ামিলীগ সরকারের মধ্যে থাকলে তাদেরও খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এ ছাড়াও মন্ত্রী দেশবাসীকে বেশি করে গাছ লাগিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান।
পরে ভূমিমন্ত্রী ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ অফিসের নতুন দ্বিতল ভবন উদ্বোধন করেন এবং খামারীদের সমাবেশে যোগ দেন। এ সময় তিনি খামারে অবদানস্বরূপ জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঈশ্বরদীর চার খামারি নুরুন্নাহার, আকমল হোসেন, আমিরুল ইসলাম ও রাজিব মালিথা রনির হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।
এ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক মহির উদ্দিন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবদুল গফুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, ঈশ্বরদী থানা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস।