News71.com
 Bangladesh
 05 Aug 16, 06:11 PM
 369           
 0
 05 Aug 16, 06:11 PM

চোখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট।।

চোখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট।।

নিউজ ডেস্কঃ বাগেরহাট শহরে এক প্রবাসীর স্ত্রী ও গৃহপরিচারিকার চোখে মরিচের গুড়া ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের সরুই এলাকায় এই ঘটনা ঘটে। পরে প্রবাসি সৈয়দ নওরোজের স্ত্রী খাদিজা বেবী (৫০) ও তার গৃহপরিচারিকা নাসরিণ বেগমকে (৩০) বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাদিজা বেবীর ছেলে সৈয়দ মোকাররম হোসেন বলেন, শুক্রবার দুপুরে আমি ও আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে জুম্মার নামাজ আদায় করতে বাড়ির পাশে নূর মসজিদে যাই। পুরুষ মানুষ না থাকার এ সুযোগে অজ্ঞাত ৩-৪ জন দুর্বৃত্ত এসময় আমাদের বাড়ির দোতলায় উঠে দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে আমার মা ও গৃহপরিচারিকার চোখে হঠাৎ করে মরিচের গুড়া ছিটিয়ে দেয়।

এসময় মা ও পরিচারিকার চোখে জ্বালাপোড়া শুরু হলে তারা বাথরুমে ঢুকে চোখে পানি দিতে থাকে। দুর্বৃত্তরা এসময় ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা নামাজ শেষে বাড়ি ফিরে ঘটনা শুনে মা ও গৃহপরিচারিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। নগদ কত টাকা ও স্বর্ণালংকার কি পরিমাণ লুট হয়েছে তা জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি তা বলতে পারেননি।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল করিম বলেন, হাসপাতালে ভর্তি আহত দুই নারীর চোখে বিষাক্ত মরিচের গুড়া দেয়া হয়েছে। তাদের চোখ ভাল করে পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। তবে এখনো তাদের চোখে জ্বালাপোড়া করছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টায় পুলিশ অভিযান শুরু করেছে। আহতরা সুস্থ হলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে ওই দুর্বৃত্তদের সনাক্ত করা সহজ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন