
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে ১জন বেকারির মালিকের গলায় রামদা ধরে ক্যাশ থেকে ১০ হাজার টাকাসহ কর্মচারীদের ৪টি মুঠোফোন লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ থানার অদূরে ধলাই পুরানো সেতু এলাকায় এ ঘটনাটি ঘটে ।
এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ-ধলাই পুরোনো সেতু সড়কের বনলতা বেকারির মালিক মোহাম্মদ হোসেন জানান, সারা রাত নানা জাতের বিস্কুট তৈরির পর সকালে বিভিন্ন স্থানে সরবরাহের জন্য ভ্যানগাড়িতে বেকারি পণ্য তুলছিলেন কর্মচারীরা ।
তিনি অভিযোগ করেন, সকাল সাড়ে ৭টার দিকে বালিগাঁও গ্রামের জলিল মিয়ার ছেলে রিপন মিয়া (২৫) ও দক্ষিণ কুমড়া কাপন গ্রামের শামীম মিয়ার ছেলে কাওছার মিয়াসহ (২৫) এক অজ্ঞাত যুবক রামদা ও হকিস্টিক নিয়ে বেকারিতে প্রবেশ করে। যুবকরা তাঁর (বেকারির মালিক) গলায় রামদা ধরে ক্যাশে রাখা টাকা দিতে বলে। না দিলে কোপ মেরে হত্যা করার হুমকি দেয়। তখন তিনি ক্যাশ বাক্সে রাখা ১০ হাজার টাকা বের করে দেন। দুর্বৃত্তরা বেকারির কর্মচারীদের কাছ থেকে ৪টি মুঠোফোনও লুটে নেয় ।
মোহাম্মদ হোসেন জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় তিনি অভিযোগ করবেন। এ প্রসঙ্গে কমলগঞ্জ পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জানান, এ ঘটনা ছাড়াও সম্প্রতি কমলগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এ ব্যাপারে মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, পুলিশ এ ঘটনায় জোর তদন্ত শুরু করেছে ।