
নিউজ ডেস্কঃ রাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজিবুল হায়দার রবিন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (০৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত করেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল।
মৃত রবিনের বন্ধু ফারুক বলেন, গতকাল শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে খিলক্ষেত এলাকার মধ্যপাড়ার একটি মসজিদের ছাদের ওপর জুমার নামাজ পড়ছিলেন রবিন। এ সময় তিনি ছাদের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিলে শনিবার সকালে মৃত্যু হয়।
তিনি জানান, রবিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তিনি ঢাকায় থেকে একটি দোকানের কর্মচারীর কাজ করতেন।