
নিউজ ডেস্কঃ প্রবল স্রোতে ও ঢেউয়ের আঘাতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এরইমধ্যে ভাঙনে ঘাট এলাকার শতাধিক বাড়ি-ঘর ও বিস্তীর্ণ ফসলি জমি নদীতে চলে গেছে। তবে ভাঙন বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন পাড়ের বসতির বাসিন্দারা। দিন-রাত পদ্মার শোঁ শোঁ গর্জন তাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে।
সরেজমিতে দৌলতদিয়া ১নং ফেরিঘাট সংলগ্ন সিদ্দিক কাজী গ্রামের মানুষেরা আতঙ্কে রয়েছেন কখন পদ্মা সব গিলে নিয়ে যায়। স্থানীয়রা জানান, গত কয়েকদিনে তাদের বাড়ি ও আশপাশের ২০টি ঘর-বাড়ি সম্পূর্ণ পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে।
জানা যায়, ওই গ্রামের অনেকেই নদী ভাঙনে সব হারিয়ে অসহায় জীবন-যাপন করছেন। আর অবশিষ্ট অংশের মানুষ ভাঙন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অপরদিকে, ভাঙনের কারণে এরইমধ্যে কয়েকবার করে সরিয়ে নিতে হয়েছে ফেরিঘাটের পন্টুন।