
নিউজ ডেস্কঃ বন্যাদুর্গতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন রাজনীতির সময় নয়। মানুষের বিপদের সময় তাদের ভাগ্য নিয়ে রাজনীতি করা উচিত নয়।
আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় বেলায়েত হোসেন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের এই বন্যাদুর্গত পরিস্থিতিতেও বিএনপি মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করছে। অথচ বন্যাকবলিত এলাকায় তাদের কোনো নেতাকে দেখা যাচ্ছে না। আমরা টেলিভিশনের ক্যামেরার সামনে চেহারা দেখাতে কিংবা রাজনীতি করতে নয়, ত্রাণ দিতে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছি।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘এখন আগস্ট মাস, শোকের মাস। বন্যাদুর্গত ও নদীভাঙনে যেসব মানুষ বিপদে আছেন, তাদের পাশে দাঁড়ালে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।’
এরপর উপজেলার বন্যাদুর্গত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও নগদ ১০০ করে টাকা বিতরণ করা হয়। এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সাংসদ (মানিকগঞ্জ-১ আসন) সাংসদ নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।