
নিউজ ডেস্কঃ ২৪ ঘণ্টা পর পারকি সৈকতে গোসল করার সময় ভেসে যাওয়া মোহাম্মদ শাহিনের (২৮) লাশ বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে। আজ দুপুর ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহিনের বাড়ি চট্টগ্রাম শহরের বহদ্দারহাটের খাজা রোড এলাকায়। তিনি মৃত সোলেমানের পুত্র ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ৩টার দিকে পারকি সৈকতে ভাই ও ৩ বন্ধু মিলে গোসল করার সময় ভাটার টানে ভেসে যান মোহাম্মদ শাহিন। এরপরে আজ দুপুর ৩টার দিকে পারকি সৈকতের ব্যবসায়ীরা বঙ্গোপসাগরে শাহিনের লাশ খুঁজে পান। সূত্র আরো জানায়, নিখোঁজ হওয়ার পর শাহিনকে উদ্ধারে ব্যবসায়ীরা স্পিড বোট নিয়ে সাগরে নামেন ।
এ বিষয়ে স্থানীয় বারশত ইউপির চেয়ারম্যান ও চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ জানান, ‘শাহিন নিখোঁজ হওয়ার পর আমি সৈকতের ব্যবসায়ীদের নিয়ে সাগরে খোঁজাখুঁজি শুরু করি। আজ বিকেলে শাহিনের লাশ পতেঙ্গা সৈকতের দূরে দেখতে পেয়ে তা উদ্ধার করে পুলিশ ও পরিবারের হাতে তুলে দেয় ।
নিহত শাহিনের খালাতো ভাই মো. শাকিব জানান, ‘পারকি সৈকতে গোসল করার সময় ভাটার টানে আমরা ৪জন ভেসে যাই। এ সময় স্থানীয়রা আমাদের ৩জনকে উদ্ধার করে কূলে ওঠাতে পারলেও শাহিন তলিয়ে যায়। এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে ।