
নিউজ ডেস্কঃ শ্যালিকার স্বামীর দায়ের করা চেক প্রতারণার মামলায় সরকার পক্ষের আইনজীবী ও বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইফুল ইসলাম গিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
গতকাল রোববার (৭ আগস্ট) অভিযুক্ত পিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম গিয়াসের উপস্থিতিতে অভিযোগ গঠনের নির্দেশ দেন দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. আশ্রাফুল ইসলাম। একই সঙ্গে আগামী ২৪ অক্টোবর এ ব্যাপারে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মতিন বলেন, ২০১৫ সালের ৭ জানুয়ারি জমি ক্রয়ের কথা বলে শ্যালিকার স্বামী সাইফুল ইসলামের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা ঋণ নেন পিপি সাইফুল ইসলাম গিয়াস। ছয় মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলে টাকা নিলেও এক বছর ঘোরানোর পর চলতি বছরের ৭ জানুয়ারি উল্লেখিত টাকার একটি চেক দেন।
গত ১৭ জানুয়ারি চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হলে ১৯ জানুয়ারি আইনজীবী সাইফুল ইসলাম গিয়াসকে আইনি নোটিশ দেন শ্যালিকার স্বামী সাইফুল ইসলাম। এর পরেও তিনি টাকা পরিশোধ করেন নি। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি বরিশাল চিফ মেট্রোপলিটন আদালতে অ্যাডভোকেট গিয়াসের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ এনে মামলা করেন সাইফুল ইসলাম।
গত ২৩ জুন মামলাটি ওই আদালত থেকে দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে স্থানান্তর করা হলে আদালত রোববার চার্জ গঠনের নির্দেশ দেন।