
নিউজ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জে সাঁতরিয়ে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে শহীদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সাতমা ধলাই নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আব্দুস সালামের পুত্র শহীদুল মোহনগঞ্জের সোয়াইর ইউনিয়নের হাটনাইয়া আলীপুর গ্রামের আব্দুল হামিদের মেয়েকে বিয়ে করেন। এরপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই বসবাস করে আসছিলেন। নদী-নালা খাল-বিল থেকে মাছ ধরে তার সংসার চলতো।
প্রতিবারের ন্যায় সেমাবার খালিয়াজুরীর মেন্দিপুর বিলে মাছ ধরতে যাওয়ার জন্য সাঁতরিয়ে সাতমা ধলাই নদী পার হচ্ছিলেন। এক পর্যায়ে আর তীরে উঠতে পারেননি তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।