
নিউজ ডেস্কঃ নাশকতার মাধ্যমে বিদ্যুৎ স্থাপনা (উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন) বিনষ্ট করা হলে সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ১০ বছরের জেল এবং সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানার বিধান রেখে বিদ্যুৎ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ সোমবার (৮ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বিদ্যুৎ আইন- ২০১৬’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “বিদ্যুৎ স্থাপনায় অনিষ্ট সাধনের জন্য কেউ বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্য যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভেঙে ফেললে বা ধ্বংস করলে অনধিক ১০ বছর কারাদণ্ড (কমপক্ষে সাত বছর) এবং ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।”
এর আগে বিদ্যুৎকেন্দ্রে নাশকতার ঘটনাগুলো এই আইনের আওতায় আসবে কি না সে বিষয়ে আইনে কিছু বলা হয়নি জানিয়ে শফিউল বলেন, আইনটির চূড়ান্ত অনুমোদনের সময় বিষয়টি আলোচনায় আসলেও আসতে পারে।