News71.com
 Bangladesh
 08 Aug 16, 09:15 PM
 404           
 0
 08 Aug 16, 09:15 PM

গোপালগঞ্জ খাদ্যে বিষক্রিয়ায় ৩২ মাদ্রাসা ছাত্র অসুস্থ, রেস্টুরেন্ট মালিক আটক।

গোপালগঞ্জ খাদ্যে বিষক্রিয়ায় ৩২ মাদ্রাসা ছাত্র অসুস্থ, রেস্টুরেন্ট মালিক আটক।

 

নিউজ ডেস্ক: গোপালগঞ্জ শহরের আল-জামিয়াতুল মোহাম্মাদিয়া কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত ৩২টি মাদ্রাসার ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে জেলা শহরের আল-জামিয়াতুল মোহাম্মাদিয়া কোর্ট মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় শিশুরা সকালের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ রেস্টুরেন্ট মালিক আরিফুল ইসলাম মন্টুকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত খাদ্য সরবরাহকারী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মালিকসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। আর এর একই সাথে ওই রেস্টুরেন্টের রান্না করা ভুনা খিচুড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার দুপুর ২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সাজা দেন। এই ঘটনায় সাজা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মালিক আরিফুল ইসলাম মোল্লা ওরফে মন্টু (২৪), তার বড়ভাই সাইফুল আসলাম মোল্লা (২৮), ছোটভাই শরিফুল ইসলাম মোল্লা (১৪), ম্যানেজার কাইয়ুম মোল্লা (১৮) ও কর্মচারী লিটন শেখ (২৪)।

এই বিষয়ে জানা গেছে, শহরের বিশিষ্ট এক ব্যবসায়ী মাঝে মধ্যে ছাত্রদের খাবার দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে সোমবার স্থানীয় পোস্ট অফিস মোড়ের রেস্টুরেন্ট থেকে ভুনা খিচুড়ি ও ডিম এনে কেরাত বিভাগের ১২৫ জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন। সেখানে ৬০ জন শিশুর মধ্যে ওই খাবার পরিবেশন করা হয়। ওই খাবার খেয়ে বাচ্চাদের পেটে ব্যাথা ও বমি বমি ভাব অনুভূত হয়। পরে তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় হাসপাতালে ভর্তি জিহাদ (৯), মাহফুজুর রহমান (৯) ও অন্য অসুস্থ শিক্ষার্থীরা জানিয়েছে, ভুনা খিচুড়ির মধ্যে দেয়া ডিমের কুসুম গন্ধযুক্ত ও তিতকুটে স্বাদের ছিল। ওই কুসুম খাওয়ার পর আমাদের পেটে ব্যথা ও বমি বমি ভাব অনুভূত হয়। কোট মসজিদ মাদ্রাসার মোহতামিম হাফেজ আলহাজ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অসুস্থ শিশুদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাজমুল হক বলেছেন, শহরের কোট মসজিদ মাদ্রাসার বেশ কিছু শিশু পেটে ব্যথা ও বমি বমি ভাব উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুল আলম বলেছেন, এই খবর শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখান থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার জন্য ঢাকার মহাখালী ল্যাবে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন