
নিউজ ডেস্কঃ কৃষি উৎপাদনে এমওপি সারের চাহিদা পূরণে ৩০ হাজার টন সার কেনার কথা ভাবছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাশিয়া থেকে এসব সার আমদানি করা হবে।
এতে মোট ব্যয় হবে প্রায় ৫৪ কোটি ৫৯ লক্ষ ৭৬ হাজার ৯শ’ টাকা। সে অনুযায়ী, প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ২৩০ দশমিক ৩৭ ডলার বা ১৮ হাজার ২৩২ টাকা এবং প্রতি কেজি সারের দাম ১৮ দশমিক ২৩ টাকা।
এ বিষয়ে একটি প্রস্তাবনা অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হবে। ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ৮ লক্ষ টন সারের চাহিদা পূরণে বিএডিসি রাশিয়া, কানাডা ও বেলারুশ থেকে ৫ দশমিক ৪০ লক্ষ টন সার আমদানি করবে।
উল্লেখ্য যে, প্রথম পর্যায়ে রাশিয়া থেকে ১ দশমিক ৮০ লক্ষ টন সার আমদানি করা হবে। পরবর্তীতে কানাডা ও বেলারুশ থেকে একইভাবে এমওপি সার আমদানি করা হবে।