
নিউজ ডেস্কঃ বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে যুদ্ধাপরাধীদের সন্তানদের ঠাঁই হওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর মাধ্যমে দলটি জাতির সঙ্গে প্রতারণা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটি গঠন করেছে যারা স্বীকৃত যুদ্ধাপরাধী তাদের লোকজনদের নিয়ে। এটি স্বাধীনতার শহীদদের প্রতি অপমানের। তারা যুদ্ধাপরাধীদের ইতোপূর্বেও মন্ত্রী-প্রতিমন্ত্রী বানিয়েছিল, জাতীয় পতাকা তুলে দিয়েছিল। এই দলটি ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষ মা বোনের ইজ্জতের সঙ্গে প্রতারণ করে যাচ্ছে।
আজ সোমবার (০৮ আগস্ট) গণভবনে ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বঙ্গমাতার ৮৬তম জন্মবার্ষিকীতে এই আয়োজন করা হয়।
বিএনপির কমিটিতে এতোজন নেতার অন্তর্ভুক্তি প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি একটি বিশাল কমিটি, কিন্তু এই নেতারা দেশের জন্য কী দিতে পারবেন? যা এখন প্রশ্নের বিষয়।