
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের তাড়াশ থানায় অভিজিত কুমার রায় নামে পুলিশের এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এ আদেশ দেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম আমিনুল ইসলাম বলেন, উপ-পরিদর্শক অভিজিত রায়ের পাবলিক রিলেশন ভাল ছিল না। সাধারণ মানুষের সাথে দুর্ব্যবহার করত। এছাড়াও প্রশাসনিক জটিলতার কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।
অপরদিকে প্রত্যাহার হওয়া এসআই অভিজিত রায় ওই সব কথা অস্বীকার করে বলেন, একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামির বোনকে আটক করে থানায় আনার পর তাকে আবার বাড়ীতে রেখে আসার জন্য চাপ দেয় আমার উর্ধ্বতন এক কর্মকর্তা। এ নিয়ে তার সাথে বাকবিতণ্ডা হয়। এ কারণেই আমার বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।