News71.com
 Bangladesh
 09 Aug 16, 12:21 PM
 346           
 0
 09 Aug 16, 12:21 PM

চাঁদা তুলেই রাস্তা সংস্কার এলাকাবাসীর।।

চাঁদা তুলেই রাস্তা সংস্কার এলাকাবাসীর।।

নিউজ ডেস্কঃ দুই কিলোমিটার মাটির রাস্তা দিয়েই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচল। কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ বছর পর্যন্ত চলাচলের একেবারেই অনুপযোগী ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যানদের দ্বারস্থ হলেও কোনো লাভ হয়নি। এ কারণে এলাকাবাসী চাঁদা তুলে রাস্তাটির নির্মাণকাজ শুরু করেছেন। গত শনিবার (৬ আগস্ট) থেকে গতকাল সোমবার পর্যন্ত এই তিন দিনে বালু ভরাটের কাজ শেষ হয়েছে।

এমন চিত্র পটুয়াখালীর বাউফল উপজেলা সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের একটি রাস্তার।

স্থানীয় বাসিন্দারা জানান, পাকডাল গ্রামের জয়বাংলা বাজার থেকে দর্গাবাড়ির মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মাটির রাস্তাটি প্রায় সাত বছর পর্যন্ত চলাচলের অনুপযোগী।

ওই দুই কিলোমিটার রাস্তা দিয়েই পাঁচ নম্বর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকডাল মাধ্যমিক বিদ্যালয় ও শেখ ছত্তার আলী মিয়াজী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দেড় হাজারেরও বেশি শিক্ষার্থীসহ ওই এলাকার কয়েক হাজার মানুষ ওই রাস্তাটি দিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে স্থানীয় লোকজন বিশেষ করে শিশু ও নারীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। কিন্তু কোনো জনপ্রতিনিধি রাস্তার উন্নয়নে এগিয়ে আসেননি। এ কারণে এলাকাবাসী চাঁদা তুলে রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেছেন।

কামরুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘নির্বাচন আইলে প্রার্থীরা রাস্তা ঠিক কইরা দেওনের কথা কইলেও অইয়া যাওনের পর আর হেই কথা মনে থাহে না। হেইয়ার লইগা আমরা চাঁদা তুইলা বালু দিয়া ভরছি। এহন চলন যাইবো। আস্তে আস্তে আবার পাকাও করমু।’

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টির সময় রাস্তায় অনেক কাদা থাকে। সে সময় তাদের বিদ্যালয়ে যেতে-আসতে অনেক কষ্ট হতো। এখন আর কষ্ট হবে না।’

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। যেহেতু এলাকাবাসী বালু ভরাট করে ফেলেছে। তবে আমি পাকা করে দেওয়ার চেষ্টা করব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন