News71.com
 Bangladesh
 10 Aug 16, 08:02 PM
 354           
 0
 10 Aug 16, 08:02 PM

প্রধানমন্ত্রী দেশের মানুষকে এই বিষফোড়ামুক্ত করবেন ।। নৌমন্ত্রী শাজাহান খান

প্রধানমন্ত্রী দেশের মানুষকে এই বিষফোড়ামুক্ত করবেন ।। নৌমন্ত্রী শাজাহান খান

 

নিউজ ডেস্কঃ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জঙ্গিবাদ সমাজের বিষফোড়া। বিষফোড়া উঠলে যেমন শরীরের কষ্ট হয়, তেমনি জঙ্গিবাদ সমাজের মানুষকে সাময়িক কষ্ট দিচ্ছে । একজন ভালো ডাক্তার বা সার্জন অস্ত্রোপচারের মাধ্যমে এ কষ্ট থেকে মুক্তি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সেই সার্জন। তিনি দেশের মানুষকে এই বিষফোড়ামুক্ত করবেন। দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাস ও ধর্মীয় উগ্রতা নির্মূলে গণসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাহবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রার আগে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

শাজাহান খান বলেন, ‘জঙ্গিবাদ বিষফোড়ার মতো সাময়িকভাবে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে। আমরা ছোট ছোট ডাক্তার-নার্সের মতো এ বিষফোড়া মুক্ত করতে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করছি। আমরা টর্চ লাইটের মতো সঠিক জায়গায় ফোকাস করে সমাজের যেখানে অন্ধকার দেখব, তা দূর করব ।

তিনি আরো বলেন, দেড় বছর আগে খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী একযোগে বিভিন্ন যানবাহনে চালক-সহকারী ও যাত্রীদের ওপর পেট্রলবোমা ছুড়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। সে সময়ও কর্মচারী কল্যাণ ফেডারেশন সাদা পতাকা হাতে মিছিল করেছে। তারপর পেট্রলবোমার সন্ত্রাস বন্ধ হয়। আজও জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় পতাকা হাতে এ পদযাত্রার মধ্যে দিয়ে দেশে জঙ্গিবাদ শেষ হবে বলে মনে করেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে নৌমন্ত্রী বলেন, ‘আপনি টের পাননি আপনার জন্য কী ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে? আমরা দেশের মানুষকে নিয়ে আপনার জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধ করব ।

এ ছাড়াও সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ওয়ারেছ, কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হেদায়েত হোসেন, প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, কার্যকরী সভাপতি মো. আবদুল হাই মোল্লা, ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন