News71.com
 Bangladesh
 03 Oct 16, 08:04 PM
 329           
 0
 03 Oct 16, 08:04 PM

বাংলাদেশের মানুষের কোন খাদ্যের অভাব নেই ।। বানিজ্যমন্ত্রী

বাংলাদেশের মানুষের কোন খাদ্যের অভাব নেই ।। বানিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আজ বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। প্রয়োজনের তুলনার অতিরিক্ত খাদ্য উৎপাদিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করছে। খাদ্য রপ্তানিকারক দেশের তালিকায় এখন বাংলাদেশ।

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত জাতিসংঘে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) হেডকোয়ার্টার্সে  মিনিস্টিরিয়াল মিটিংয়ের ‘লং-টার্ম কমোডিটি প্রাইজ ট্রেন্ডস অ্যান্ড সাসটেইনেবল এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট’ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে বর্তমান রপ্তানি ৩৪ দশমিক ২৪১ বিলিয়ন মার্কিন ডলার । ২০২১ সালে দেশের ৫০ বছর পূর্তিতে এ রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে তৈরি পোশাক থেকে আসবে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তৈরি পোশাক কারখানাগুলো উন্নত করা হয়েছে। এতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়েছে, কিন্তু তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি করা হয়নি। পণ্যের ও শ্রমের উপযুক্ত মূল্য নিশ্চিত না হলে ব্যবসায়ী ও শ্রমিকরা উৎসাহ হারিয়ে ফেলতে পারে। এসডিজি অর্জনের ক্ষেত্রে পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত হওয়া জরুরি।

বানিজ্যমন্ত্রী আরও বলেন, কৃষি অর্থনীতি নির্ভর বাংলাদেশে ৪০ ভাগ মানুষ কাজ করছে এ সেক্টরে। স্বাধীনতার পর জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ৭৮ ভাগ, বর্তমানে এ অবদান ১৪ দশমিক ৯৫ ভাগ। বাংলাদেশের উন্নয়নে ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক ভাবে বাস্তবায়িত হলে এসডিজি’র ৮২ ভাগ অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশের বর্তমান ইকনোমিক গ্রোথ ৭ দশমিক ১ ভাগ, এর মধ্যে রপ্তানি খাতে প্রবৃদ্ধি ৯ দশমিক ৭৭ ভাগ। সেখানে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ ভাগ। 

তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির আধুনিকায়ন, মাটির গুনাগুন পরীক্ষা, গবেষণা, উৎপাদিত কৃষিপণ্য যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ জরুরি। সংরক্ষণ ও  প্রক্রিয়া করণের অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ কৃষি পণ্য নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে এফএও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ধরনের সহযোগিতা এলডিসিভুক্ত দেশগুলোর জন্যও প্রয়োজন।

পরে বাণিজ্যমন্ত্রী এফওএ-এর মহাপরিচালকের সঙ্গে একান্ত বৈঠক করেন। তিনি মহাসচিবকে অবহিত করে বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে জমির পরিমাণ কমলেও গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। স্বাধীনতার পর থেকেই এফওএর সঙ্গে ঘনিষ্টভাবে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহাস শিকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন