News71.com
 Bangladesh
 13 Oct 16, 11:23 PM
 342           
 0
 13 Oct 16, 11:23 PM

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর হাসিনার প্রতি আন্তর্জাতিক নেতাদের আস্থার প্রতীক

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফর হাসিনার প্রতি আন্তর্জাতিক নেতাদের আস্থার প্রতীক

নিউজ ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক নেতাদের আস্থার প্রতীক। এই সফর বাংলাদেশ-চীন বন্ধুত্বের স্মারক এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে এক নতুন দিক উন্মোচনের পথে ঐতিহাসিক নবযাত্রার সূচনা করবে।

শুক্র ও শনিবার (১৪-১৫ অক্টোবর) সি চিন পিংয়ের বাংলাদেশে দুদিনে রাষ্ট্রীয় সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত কয়েক বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের অভূতপূর্ব সাফল্য এবং প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে চীনের নেতাদের ভূয়সী প্রশংসা ও গভীর আস্থা অর্জন করেছে। যার পরিপ্রেক্ষিতে চীন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে এগিয়ে এসেছে। বর্তমান সরকারের কূটনৈতিক পদক্ষেপের ফলে চীন বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিরাজমান সম্পর্কগুলোকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অংশ হিসেবে ৩০ বছর পরে এটাই চীনের কোনো রাষ্ট্রপতির বাংলাদেশ সফর।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে। এ চুক্তিগুলো স্বাক্ষরের ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ভৌত অবকাঠামো সড়ক-সেতু, রেল যোগাযোগ ও জলপথে যোগাযোগ, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে। একই সঙ্গে এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে সমুদ্রসম্পদসহ দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র সংযোজিত হবে। তিনি বলেন, চার দশক ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও যোগাযোগ অবকাঠামো বিনির্মাণে চীনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে চীনের বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমে বৃদ্ধি পাচ্ছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া তিনি দুই দেশের মধ্যকার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি এক রাষ্ট্রীয় নৈশভোজে আপ্যায়ন করবেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সি চিন পিং কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির আমন্ত্রণে কম্বোডিয়ায় এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সি চিন পিং গোয়ায় অনুষ্ঠেয় পাঁচ জাতির জোট ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন