
নিউজ ডেস্কঃ রাজধানীর মুগদা এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া চতুর্থ শ্রেণির এক ছাত্রকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। আজ ঢাকার শিশু আদালতের বিচারক রুহুল আমিন এই আদেশ দেন। মুগদা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার ওই ছাত্রের বয়স দশ বছর। তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। আদালত তাঁকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এদিকে চার বছরের কন্যা শিশুটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দিয়েছে। পরে তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
শিশুটির মা আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, তিনি রাজধানীর মুগদা এলাকায় বসবাস করেন। গত ১৩ অক্টোবর তার মেয়েকে মিষ্টি কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ছেলেটি। পরে তার মেয়েকে ধর্ষণ করে। তিনি মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান। ধর্ষণের অভিযোগে মুগদা থানায় মামলা করেন ১৪ অক্টোবর।
এই মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, চার বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগেই ওই শিশুটিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।