
নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জের বাবা হত্যার আসামি তমিজুদ্দিন তমিকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত রিভলবার, তিন রাইন্ড গুলি ও একটি কার্টিজ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ আজ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় ডিবির সিনিয়র এএসপি শাহজাহান শেখ, ডিবির ওসি রবিউল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকতারা উপস্থিত ছিলেন।
মামলার এজাহারে জানা যায়, চলতি বছরের ৪ এপ্রিল কেরানীগঞ্জের জগন্নাথপুর গ্রামের তমিজুদ্দিন তমি (২৬) তার বাবা মনতাজ উদ্দিনকে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় তমির মা ওফলা বেগম তমিকে একমাত্র আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার পর থেকেই তমি পলাতক ছিলেন। শনিবার বিকালে সিংগাইর উপজেলার চরচামটা গ্রামে তমি সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করতে থাকেন। এ সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে সিংগাইর থানার এসআই সালেহ আহমেদকে তমিকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিংগাইর থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছে।