
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারীতে একশ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মারফত আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি মামলা হয়েছে। আটক মারফত হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদনা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানার ওসি তদন্ত ফিরোজ কবিরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর বাজারে শনিবার রাতে অভিযান চালান। অভিযানে মারফত আলীর অটোরিকশার সিটের ভেতর থেকে একশ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল নামের আরেক যুবক অটোরিকশা থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, হাতিবান্ধা উপজেলার জাওরানি রাজার থেকে এক হাজার টাকায় অটোরিকশা ভাড়া করে এসব ফেনসিডিল মহিষাশহর বাজারের সরবরাহ করতেন মারফত আলী।
আদিতমারী থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মারফতকে গ্রেফতার দেখিয়ে আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।