
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. কামাল উদ্দিনসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৩শে অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রায়পুর পৌর এলাকার নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটকরা হলেন- জামায়াত নেতা কামাল উদ্দিন পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের গাজীনগর এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে, মাসুদুর রহমান বাবু, মো. শাহাজাহান, জহিরুল ইসলাম, মো. হারুন, শাহাজান ও নুরুল ইসলাম। স্থানীয়রা জানান, জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী নিয়ে পৌরসভার নতুন বাজারে (পূর্বাচল এলাকা) লিয়াকত আলীর ভূঁইয়ার বাড়ি দখলের চেষ্টা চালায় ।
এসময় বাধা দিলে বাড়ির মালিক লিয়াকত আলী ভূঁইয়াসহ ৪জনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত নেতা কামাল উদ্দিনসহ ৭ জনকে আটক করে। আহতরা হলেন- লিয়াকত আলী ভূঁইয়া, মো. ফয়েজ, মাসুদুর রহমান ও কালু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।