
নিউজ ডেস্কঃ বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তিমির লাল দত্তের পরলোকগমনে পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন মহলের শোক অব্যাহত রয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দ বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তিমির লাল দত্তের পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী আজ এক শোক বার্তায় বলেন, তার এ অকাল প্রয়ানে দেশ এক বীর সন্তানকে হারালো। সাংবাদিক সমাজ মুক্তিযুদ্ধে ও পেশায় তার অবদানের কথা চিরদিন স্মরণ রাখবে।
নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন অপর এক বার্তায় তিমির দত্তের মৃত্যুতে শোক গভীর প্রকাশ করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আত্মার শান্তি কামনা করেছে।