News71.com
 Bangladesh
 24 Oct 16, 08:01 PM
 274           
 0
 24 Oct 16, 08:01 PM

যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হেমায়েত উদ্দিনের লাশ দাফন

যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হেমায়েত উদ্দিনের লাশ দাফন

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হেমায়েত বাহিনীর প্রধান হেমায়েত উদ্দিন বীর বিক্রমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ সোমবার আছরবাদ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে তার নামে প্রতিষ্ঠিত ‘হেমায়েত বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর’ এর সামনে তার লাশ দাফন করা হয়। এর আগে টুপুরিয়া গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক বাহিনীর একটি চৌকস দল ক্যাপ্টেন বায়েজিদের নেতৃত্বে অনার গার্ড প্রদান করে।পুলিশ ও আলাদাভাবে তাকে অনার গার্ড প্রদান করে। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার ছাড়াও জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

গত শনিবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। প্রথমে আজ সোমবার সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তার লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে হেলিকপ্টর যোগে তার লাশ কোটালিপাড়ায় গ্রামের বাড়িতে আনা হয়।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। একই অবদানের জন্য তার নামে কোটালিপাড়ার টুপুরিয়া গ্রামে ‘হেমায়েত বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর’ নির্মাণ করা হয়। ২০১৩ সালের ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্মৃতি যাদুঘরটি উদ্বোধন করেন।

হেমায়েত বাহিনীতে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৫ হাজার ৫৫৮ জন। এ বাহিনী বরিশালের উত্তরাঞ্চল, খুলনা-বাগেরহাট ও নড়াইলের কালিয়া, গোপালগঞ্জ এবং মাদারীপুরের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন