News71.com
 Bangladesh
 25 Oct 16, 12:47 PM
 283           
 0
 25 Oct 16, 12:47 PM

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর আংশিক নাম ঘোষণা

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর আংশিক নাম ঘোষণা

নিউজ ডেস্কঃ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮১ সদস্যের কার্যনির্বাহী সংসদের মধ্যে আগে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ সদস্যের নাম ঘোষিত হয়েছিল। ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কার্যালয়ে আজ  সকালে সম্পাদকমণ্ডলীর বেশ কয়েকজনের নাম ঘোষণা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনজন সভাপতিমণ্ডলীর সদস্য, পাঁচজন সম্পাদক ও দুজন উপসম্পাদক এবং ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য পদ খালি রেখে এ কমিটি ঘোষিত হলো।

আগামী শুক্রবার নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় ২৮ জন কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত হবেন বলেও জানান ওবায়দুল কাদের। আর পাঁচজন সম্পাদক ও দুজন উপসম্পাদকের নাম ঘোষিত হবে দু-একদিনেই। গত রবিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

কাউন্সিলররা শেখ হাসিনাকে কার্যনির্বাহী সংসদের বাকি ৭৯ সদস্যকে নির্বাচনের দায়িত্ব দিলে তিনি ১৯ জনের মধ্যে ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য।

সেদিন নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীষুষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান ও অ্যাডভোকেট আব্দুল মান্নান। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান। কোষাধ্যক্ষ পদে পুনর্নির্বাচিত হন এইচ এন আশিকুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন