
নিউজ ডেস্ক :রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে নাসির উদ্দিন লালা (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। রোববার মধ্যরাতে নগরীর জামালপুর তাঁতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই লালার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহত লালা নগরীর মেহেরচণ্ডি চকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
আটকরা হলো, রিয়াজুল ইসলাম সিয়াম (১৬), রাব্বি আহমেদ সিহাব (১৭) ও শাহীন আলম (২০)। তারাও একই এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের শিকার ওই কিশোরসহ তার বন্ধুরা মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে ছোটখাটো অপরাধে জড়িত থাকারও প্রমাণ পাওয়া গেছে।
ঘটনার পরপরই রাতে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়। প্রথামকি জিজ্ঞাসাবদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেছে তারা। নিহতের পরিবার ও আটকদের বরাত দিয়ে ওসি আরো বলেন, রোববার রাত ১২টার দিকে তারা জামালপুর তাঁতপাড়া এলাকায় একসঙ্গে মদ্যপান করে। এরপর সিহাব, সিয়াম ও শাহীন লালার পিঠে ছুরি দিয়ে অন্তত পাঁচটি আঘাত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওসি।