News71.com
 Bangladesh
 04 Nov 16, 10:13 AM
 284           
 0
 04 Nov 16, 10:13 AM

খুলনা-বেনাপোল-কলকাতা যাত্রীবাহী রেল জানুয়ারিতে

খুলনা-বেনাপোল-কলকাতা যাত্রীবাহী রেল জানুয়ারিতে

নিউজ ডেস্ক: আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে খুলনা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হবে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল রেলস্টেশন ভবনে কাস্টমস, বন্দর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক হাবিবুর রহমান এ কথা বলেন।

হাবিবুর রহমান বলেন, দুদেশের সরকার প্রধান সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরের (২০১৭) জানুয়ারির প্রথম দিকে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে খুলনা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চালু করা হবে। এরই মধ্যে ভারতীয় রেল বিভাগ তাদের অংশে রেলওয়ের প্রয়োজনীয় অবকাঠামোর সংস্কার কাজ শুরু করেছেন।

জানুয়ারিতে যাতে এ পথে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল শুরু করা যায় সেজন্য দ্রুত আমাদের অংশে প্রয়োজনীয় সব অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন করতে হবে।তিনি আরও বলেন, বেনাপোলে কী কী অবকাঠামো উন্নয়ন করতে হবে এর জন্য বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট বিভাগের স্ব স্ব কর্মকর্তাদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে সপ্তাহে একদিন এ রুটে যাত্রীবাহী মৈত্রী রেল একবার ভারতে যাবে ও ভারত থেকে আবার যাত্রী নিয়ে ফিরবে। পরে গুরুত্বের উপর বিবেচনা করে রেল চলাচলের দিনক্ষণ ও স্টেশন সংখ্যা বাড়ানো হবে।

খুলনা থেকে যাত্রীরা রেলে চড়ে সরাসরি বেনাপোল পৌঁছবে। পরে বেনাপোল রেলস্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমসের বুথে যাত্রীদের পাসপোর্ট ও ব্যাগেজ তল্লাশির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে কলকাতার উদ্দেশ্যে যাবে।এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খাইরুল হক, বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ের রাজশাহী বিভাগের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহ, পাকশি রেলওয়ে ম্যানেজার আফজেল হোসেন, সৈয়দপুর জেলা রেলওয়ে পুলিশের এএসপি তাজিরুল ইসলাম, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কর্মাসের সাব-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন