
নিউজ ডেস্ক : গতকাল গভীর রাতে নাসিরনগরে আবারও ৭/৮টি পরিবারের ঘর-বাড়ীতে আগুন লাগানোর ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আহবান জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। আজ শুক্রবার বিকেল ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবোত্তর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই আহবান জানানো হয়। নাসির নগরের হামলার প্রতিবাদে পরে সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর সার্বজনীন পূজা কমিটি প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, অ্যাড. সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু এবং সাধারণ সম্পাদক অ্যাড.তাপস কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শ্যামল কুমার রায়। সভায় সভাপতিত্ব করেন মনীন্দ্র কুমার নাথ।বক্তরা বলেন, ব্রাহ্মাণবাড়ীয়ার নাসিরনগরে জগন্নাথ মন্দির, লোকনাথ মন্দির, কাশীপাড়া কালীমন্দির, বিশ্বকর্মা মন্দির, শিবমন্দিরসহ বেশকয়েকটি মন্দিরের বিগ্রহ ভাংচুর ও লুটপাট হয়েছে।
কাশীপাড়া, নমসূদ্রপাড়া, দত্তপাড়া, হরিরবের, মহাকালপাড়াসহ বিভিন্ন হিন্দু বসতি এলাকায় প্রায় কয়েকশত ঘর-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে।
তারা বলেন, গৌরমন্দিরের প্রভু গোপাল দাস ব্রহ্মচারীকে গুরুতর আহত করা হয়েছে। পরিকল্পিত এ ঘটনায় সংখ্যালঘু জনগণ নিদারুন শংকা ও নিরাপত্তাহীনতায় রয়েছে। নেতৃবৃন্দ তাদের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রীর কাছে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।