
নিউজ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ’৭২-এর সংধিধানের মূল কাঠামোকে ক্ষতবিক্ষত করে।তিনি বলেন, যার পরিণতিতে রাজনীতিতে ফিরে আসে সেই সাম্প্রদায়িকতা, ঘৃণা আর প্রতিক্রিয়াশীলতা। মুক্তিযুদ্ধের চেতনা হয় পদদলিত।
বিএনপি জামায়াতের প্রতি ইংগিত করে তিনি আরো বলেন, একটি গোষ্ঠি সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের আবহ সৃষ্টি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে যে অন্ধকার আমরা পেরিয়ে এসেছিলাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে। তাই আমাদেরকে বর্তমান সংকট উপলদ্ধি করতে হবে এবং ’৭২-এর সংবিধানে পুরোপুরি ফিরে না যাওয়া অবধি এ সংকট কাটবে না।
রাশেদ খান মেনন আজ বিকেলে ধানমন্ডির ডব্লিউভি এ মিলনায়তনে ‘৪৫তম সংবিধান দিবস’ উপলক্ষে ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।সংগঠনের উপদেষ্টা ও সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী মানিক, এড. রানা দাস গুপ্ত, শাহরিয়ার কবির প্রমুখ।