
নিউজ ডেস্ক: আশুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল মুদি দোকানে বিক্রির অভিযোগে জাহেদ আলী নামে এক ডিলারকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় ছয় বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধার পর আশুলিয়ার তৈয়বপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহেদ আলী আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের ঝুমুর আলীর ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির ডিলার হিসেবে নিযুক্ত ছিলেন।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, ইয়ারপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জাহেদ আলী অবৈধভাবে মুদি দোকানে চাল বিক্রি করেছেন এমন গোপন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ ইয়ারপুর ইউনিয়নের মধ্য তৈয়বপুর এলাকায় শহিদুলের মুদি দোকানে অভিযান চালায়।
এসময় শহিদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মুদি দোকানে বিক্রির অভিযোগে ডিলার জাহেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শনিবার সকালে জাহেদ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।