
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরের দাঁড়েরপাড়া মাঠ থেকে শনিবার সকালে দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- দৌলতপুর দাঁড়পাড়া গ্রামের শাহজাহান রহমানের ছেলে মশিউর রহমান(১৯) ও একই গ্রামের হুজুর মোল্লার ছেলে রাকিবুল মোল্লা(১৯)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, সকালে মাঠে দুইজনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত দু'জন বন্ধু। তাদেরকে হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে।