
নিউজ ডেস্ক : বিএনপি নেতা ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার মৃত্যুর ২৪ ঘণ্টারও বেশি সময় পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জিয়াউল হক জিয়ার।
এরপর শনিবার বেলা পৌনে ১১টার পর গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, জিয়াউল হক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং তার নিজ এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তার নিজ এলাকায় জিয়াউল হক জিয়া নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেছেন।
খালেদা জিয়া জিয়াউল হক জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।